কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০

হোম » পটুয়াখালী » কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার বাইরে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোসা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিল। আহত ব্যক্তিরা কুয়াকাটায় বিচ কার্নিভাল উপভোগ করতে আসছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তাঁদের দাবি, ওই সময় চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহত ব্যক্তিরা বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। তাঁদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৩ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ