
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. রুহুল আমিন দুলাল আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা রুহুল আমিন দুলাল গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর প্রায় ১৭ মাস বিরতির পর দলটি ছাড়েন। তার বিএনপিতে যোগদানকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে হাজী রুহুল আমিন দুলাল বলেন, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিএম মোশাররফ হোসেন একজন যোগ্য প্রার্থী। তিনি এমপি নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব পেলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- এই বিশ্বাস থেকেই বিএনপিতে যোগ দিয়েছি।
এ সময় এবিএম মোশাররফ হোসেন নবযোগদানকারী নেতাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আলহাজ মো. রুহুল আমিন দুলালের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতার যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।