সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
গভীর রাতে এক বিএনপি নেত্রীর বাসায় কফি পান করতে গিয়ে ফ্ল্যাটের ভেতরে তালাবদ্ধ হয়ে পড়েন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। পরে তাঁর দুই ছেলে ও রাজনৈতিক সহযোগীরা গিয়ে শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন। শুক্রবার দিবাগত রাতে গৌরনদী উপজেলা গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রের দাবি, ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেওয়া এক নেত্রী ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে যান বদিউজ্জামান মিন্টু। তাঁকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখে স্থানীয় কয়েকজন দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের খবর দেন।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং তাঁর রাজনৈতিক সহযোগীরা। তাঁরা লোহার শাবল দিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে মিন্টুকে বের করে মোটরসাইকেলে করে নিয়ে যান।
পরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ওই ফ্ল্যাটে গিয়ে নেত্রীকে দ্রুত বাসা ছেড়ে গৌরনদী ত্যাগ করতে বলেন বলে জানা গেছে।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ বলেন, ‘ছাত্রদল ও যুবদল নেতাদের মুখে ঘটনা শুনেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ঘটনা শুনে তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের প্রথমে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের কথা বলেন। পরে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি আমাকেও গালিগালাজ করেন।’
তবে পুরো ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন, ‘প্রথমত, আমি রাত সাড়ে ১১টায় ওই বাসায় যাইনি। রাত ৯টার দিকে উপজেলা গেটে চা পান করছিলাম। তখন ওই নেত্রী আমাকে ফোন করে কফি পানের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নেন।’
মিন্টু বলেন, ‘বাসায় ঢুকে ওই নেত্রীর ছেলের সঙ্গে বসে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার প্রতিপক্ষরা সেখানে গিয়ে ফ্ল্যাটের বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে আমার লোকজন গিয়ে তালা খুলে আমাকে নিয়ে আসে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। আমি গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা দিয়েছি। এরপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার দলের প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
তবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত, সে বিষয়ে কারও নাম উল্লেখ করেননি মিন্টু।