বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, চার নার্সকে শোকজ

হোম » বরগুনা » বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, চার নার্সকে শোকজ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, চার নার্সকে শোকজ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেনারেল হাসপাতালে শ্বাসকষ্টে ছটফট করতে থাকা ২৫ বছর বয়সী মামুনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নার্সদের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, বারবার ডাকাডাকি করেও নার্সদের সাড়া পাওয়া যায়নি। উল্টো রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়। এ ঘটনায় চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

শোকজ হওয়া নার্সরা হলেন আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁদের নোটিশ দেওয়া হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা।

 

হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে মেডিসিন বিভাগে ভর্তি করা হলেও ব্যবস্থাপত্র অনুযায়ী যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। শারীরিক অবস্থার অবনতি ও রক্তবমির বিষয়টি জানানো হলেও দায়িত্বে থাকা নার্সরা প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ডেস্কে বসে ছিলেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া রোগীর মৃত্যুর আগে ও পরে জরুরি বিভাগের চিকিৎসককে অবহিত না করার অভিযোগও আনা হয়েছে। স্বজন ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন আরেক রোগীর স্বজন মোসা. সেতারা বেগম বলেন, রাতে মামুনের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি নার্সদের জানালেও তাঁরা গুরুত্ব দেননি। উল্টো বলেন, ‘আপনারা অভিনয় শুরু করেছেন।’ বারবার ডাকাডাকির পরও নার্সরা আসেননি। তাঁর অভিযোগ, মামুনের মৃত্যুর প্রায় ৩০ মিনিট পর একজন নার্স এসে ইসিজি করেন।

 

প্রত্যক্ষদর্শী মো. বেলাল বলেন, রাতে মামুনের শ্বাসকষ্ট বেড়ে গেলে নার্সদের ডাকা হয়। কিন্তু তাঁরা আসেননি। একপর্যায়ে কাউকে না পেয়ে মামুন নিজেই নিজের ওষুধ সেবন করেন। ওই সময় নার্সরা এগিয়ে এলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হতো।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নার্স রুমানা ফেরদৌস। মুঠোফোনে তিনি বলেন, মামুনের অসুস্থতার কথা জানানো হলে তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয় এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। রোগী বা স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।

 

আরেক অভিযুক্ত নার্স মাহফুজা আক্তার বলেন, রাতে তিনি মেডিসিন ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। ওই সময় রোগী বা স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণ হয়নি। তবে বিকেলের শিফটে দায়িত্ব পালনকারীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে এবং রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়েছে বলে তিনি শুনেছেন।

 

বরগুনা জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান বলেন, রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নার্সদের কাজই হচ্ছে রোগীদের সেবা দেওয়া। এ ঘটনায় নার্সদের সম্পৃক্ততা পাওয়া গেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:২০:৪০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ