
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে ২১ বছর বয়সী এক যুবকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। মামলায় প্রধান অভিযুক্ত যুবক নাসিম হাওলাদারের বাবা শামীম হাওলাদার এবং তাঁর চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মো. মনিরুল ইসলাম বেল্লালকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী লিমা বেগম কুয়াকাটার আজিমপুর গ্রামের বাসিন্দা। গত ৫ মে মঙ্গলবার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকায় তাঁর বাবার বসতঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, অভিযুক্ত নাসিম হাওলাদার (২১) বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে লিমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ের জন্য চাপ দিলেও নাসিম ও তাঁর পরিবারের সদস্যরা কালক্ষেপণ করতে থাকেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন বাদী।
মামলার বিবরণে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে তা সফল হয়নি। গত ৩০ অক্টোবর মহিপুর থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন। পরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামী অভিযুক্ত যুবকের বাবা ও চাচার বিরুদ্ধে অভিযোগ, ঘটনা জানার পরও তাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি নাসিমকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছে বলেও এজাহারে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী লিমা বেগমের বাবা আবদুল কাদের বলেন, বিষয়টি নিয়ে দুই পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয়েছিল। সেখানে নাসিমের পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। বরং নাসিমকে গোপনে বিদেশে পাঠানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, বরগুনা জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম বেল্লাল নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম বেল্লাল বলেন, দুই পরিবার মিলে বিষয়টি সমাধান করেছিল। কিন্তু মেয়ের পরিবার মেয়ের নামে জমিসহ বিভিন্ন সুবিধা দাবি করায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। তিনি চাকরির কারণে বরগুনায় থাকেন এবং এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপ সৃষ্টির জন্য মামলার আসামি করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় থাকায় মুঠোফোনে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।