বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

হোম » পটুয়াখালী » বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছিল। কয়েক দফায় ধানখেত, অনাবাদি জমি ও ডোবা থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।

 

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মানবদেহের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল।

 

নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তাঁর বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন।

 

পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তাঁরা হলেন কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)। তাঁদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বড় সিকদার বাড়ির বাসিন্দা রুহুল আমিন সিকদার নিখোঁজ হন। তিনি স্ত্রী মোসা. সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

গত ৪ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন তিনি। হাজিরা শেষে ওই দিন বিকেলে বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে বড় বোন মোসা. ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান। সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের সব খণ্ডিত অংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ