আমতলী এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

হোম » বরগুনা » আমতলী এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


আমতলী এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুনসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগানার আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকারে ছড়িয়ে না পড়ায় গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র অক্ষত রয়েছে।

 

এলজিইডি সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে কক্ষে প্রবেশ করে। এরপর চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চেয়ারে থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে আগুন নিভে যায়। টেবিলে মোটা কাচ থাকায় আগুন অন্যত্র ছড়াতে পারেনি। ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন।

 

রবিবার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান নাইটগার্ড। পরে তিনি হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় সেখান থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।

 

উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। এর আগেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৩২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ