সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ ঘিরে খুলনার কয়রায় জলবায়ু ন্যায্যতা, ক্ষতিপূরণ ও জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যার দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন উপকূলের মানুষ। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক ও আশা। এ ছাড়া রাইজ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর সবচেয়ে ভয়াবহ প্রভাব তাদেরই বহন করতে হচ্ছে। নদীভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে সুপেয় পানির সংকট। জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।
তাঁরা বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, তাতে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে তুলে ধরা জরুরি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচি থেকে কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু অর্থায়নে ন্যায্য হিস্যা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।