গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন, সচেতনতার ওপর গুরুত্বারোপ

হোম » সর্বশেষ » গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন, সচেতনতার ওপর গুরুত্বারোপ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন, সচেতনতার ওপর গুরুত্বারোপ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতালের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন এবং সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু ও ফারজানা ইসলাম তন্বীসহ অনেকে। সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কাজী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, পরিবর্তিত জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ রোগকে নীরব ঘাতক উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। এ জন্য পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:০১:০৮ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ