
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশে বরগুনার নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল মারিয়াম মীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, উদ্ভাবনী প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করে। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল চিন্তা ও উদ্যোগের প্রশংসা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনার ঐতিহ্যবাহী নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিনেও এখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিগত সরকার বিদ্যালয়টির উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষার পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রত্যাশিত সুযোগ পাচ্ছে না।
তিনি বলেন, বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অসাধারণ মেধা ও সম্ভাবনা রয়েছে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা অনেক দূর এগিয়ে যাবে।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে তদবির করেছেন জানিয়ে তিনি বলেন, আশা করছেন, খুব শিগগিরই বিদ্যালয়ে দৃশ্যমান উন্নয়ন হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতেও ভূমিকা রাখবে।