দশমিনার দুই ইউপিতে প্রশাসক নিয়োগ, শেষ হলো নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ

হোম » পটুয়াখালী » দশমিনার দুই ইউপিতে প্রশাসক নিয়োগ, শেষ হলো নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

দশমিনার দুই ইউপিতে প্রশাসক নিয়োগ, শেষ হলো নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ এবং ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসরাফুল ইসলামকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

গত ১২ নভেম্বর ২০২৬ স্থানীয় সরকার শাখার জারি করা আদেশে এ নিয়োগ দেওয়া হয়। আদেশের স্মারক নম্বর ৪৬০০০০০০১৭৯৯০০০১১৬১১০২।

 

জানা গেছে, ২০২১ সালের ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মো. আতিকুর রহমান (সাগর) এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী আবুল কালাম। তাঁদের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দশমিনা উপজেলার আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়নে প্রশাসকেরা দায়িত্ব পালন করে আসছেন।

 

নতুন নিয়োগের ফলে দুই প্রশাসককে নিজ নিজ সরকারি দপ্তরের দায়িত্বের পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমও পরিচালনা করতে হবে। এতে নাগরিক সেবা নিশ্চিত করা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।

 

বাঁশবাড়িয়া ইউনিয়নের কয়েকজন সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসক নিয়োগের বিষয়ে তাঁদের তেমন ধারণা নেই। তবে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, বিভিন্ন ভাতা-সংক্রান্ত তথ্য এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। কারণ, যাঁদের প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাঁরা আগে থেকেই সরকারি দপ্তরে কর্মরত। ফলে নাগরিক সেবা পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ বলেন, সরকারি দপ্তরের দায়িত্বের পাশাপাশি ইউনিয়ন পরিষদের দায়িত্বও পালন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য-সদস্যা ও সচিবের সঙ্গে আলোচনা করে পরিষদের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করবেন। কীভাবে কার্যক্রম চালু রাখলে নাগরিকেরা সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে সমন্বয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩০ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ