সাগরকন্যা প্রতিবেদক, যশোর
যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ওই নেতার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। নেতার অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ককটেল নিক্ষেপ করে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
ওই নেতার নাম শিমুল হোসেন। তিনি চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’
শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে বাড়ির উঠানের এক পাশে লাল স্কচটেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। সেগুলোর কাছেই চিরকুটটি পাওয়া যায়। এতে হত্যার হুমকির পাশাপাশি গালিগালাজও লেখা ছিল।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। হাতবোমা সন্দেহ করা বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে যশোর শহরের আদালত চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়-সংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের একটি সূত্র জানায়, এসব বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।