সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান।
শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়েছে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন গফম্যান। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের জন্য তাঁর মিয়ামি যাওয়ার কথা রয়েছে।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন, তখন মোসাদপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
অ্যাক্সিওস জানিয়েছে, নেতানিয়াহুর যুদ্ধ শুরুর প্রস্তাবে এখন পর্যন্ত সম্মতি দেননি ট্রাম্প। গত ৫ নভেম্বর দুই নেতার টেলিফোনে কথোপকথনেও ইরান যুদ্ধের বিষয়টি উঠে আসে।
এর পরিবর্তে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অবস্থানকে সমর্থন করেছেন ট্রাম্প। দেশগুলোর সঙ্গে একমত হয়ে তিনি ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা যাচাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা গাদি আইজেনকোটও মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।