
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে রাখা একটি সরকারি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেতাগী পৌরসভার নৈশপ্রহরী লিয়াকত সিকদার বাদী হয়ে বেতাগী থানায় মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে পার্কিংয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ট্রাকটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে একই রাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ট্রাকে আগুন দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।