সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে।
শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের পাশাপাশি অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী সরকারি গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে আঘাত করে গাড়িটির সব কাচ ভেঙে ফেলা হয়।
এজাহারে আরও বলা হয়, পুলিশ বারবার তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ জানালেও তাঁরা তা উপেক্ষা করেন। একপর্যায়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।