সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে নিলামে মাছটি বিক্রি হয়। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মাছটি কিনেছেন ঘরামী ফিশ আড়তের স্বত্বাধিকারী জয়নাল ঘরামী।
জয়নাল ঘরামী জানান, মাছটির ওজন ও মান বিবেচনা করে তিনি কিনেছেন। এটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।
জেলে নবী হোসেন বলেন, তাঁরা প্রতিদিনই সাগরে মাছ ধরতে যান। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে এটিই তাঁদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট মাছের পাশাপাশি এত বড় ইলিশ পেয়ে তাঁরা খুশি। ভালো দাম পাওয়ায় আর্থিকভাবেও লাভবান হয়েছেন।
তবে এত দামে বড় ইলিশ কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। স্থানীয় বাসিন্দা সাইমুন সাইফুল্লাহ বলেন, ‘ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান দামে মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে বড় ইলিশ অনেকটা স্বপ্নের মতো। কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে সম্ভব হয়নি।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ ধরা পড়াকে উৎপাদন বৃদ্ধির প্রমাণ হিসেবে ধরা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত হতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জেলেদের আইন মেনে মাছ ধরতে হবে এবং প্রজনন ও বৃদ্ধির স্বার্থে নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মানতে হবে।