টিকটক ভিডিও করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেল তরুণের, গ্রেপ্তার দুই

হোম » বিশ্ব » টিকটক ভিডিও করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেল তরুণের, গ্রেপ্তার দুই
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


টিকটক ভিডিও করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেল তরুণের, গ্রেপ্তার দুইসাগরকন্যা ডেস্ক

 

পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।

 

টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়েছিল। এ সময় বাঘটি খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।

 

পুলিশ জানায়, ঘটনার পর নোমান প্রথমে দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে তদন্তে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।

 

লাহোর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।’

 

পুলিশ আরও জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

খামারটিতে বাঘ রাখার অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও ধারণের জন্য পরিচিত নোমান হাসান। তাঁর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা বাঘটিকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড় দেয়।

বাংলাদেশ সময়: ২২:০২:১৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ