দৌলতখানে ১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতেই প্রধান শিক্ষক নেই

হোম » ভোলা » দৌলতখানে ১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতেই প্রধান শিক্ষক নেই
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


দৌলতখানে ১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতেই প্রধান শিক্ষক নেইসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার দৌলতখান উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। বছরের পর বছর গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ না হওয়ায় ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে চলছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

 

এতে একদিকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে পাঠদান ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১০৬টি বিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র ৩৩টিতে প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭৩টি বিদ্যালয়ের মধ্যে ২১টিতে শিক্ষকরা চলতি দায়িত্বে এবং ৫২টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষক পদেও রয়েছে উল্লেখযোগ্য শূন্যতা। উপজেলায় সহকারী শিক্ষকের ৫৪টি পদ শূন্য রয়েছে। তবে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী শিক্ষক ইতিমধ্যে শূন্য পদে যোগদান করেছেন বলে জানিয়েছে শিক্ষা কার্যালয়। এ ছাড়া ১০৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬৩ জন। শূন্য রয়েছে ৪৩টি পদ।

 

উপজেলার মধ্য হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন গোলাম রহমান আজাদ। তিনি জানান, প্রধান শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও সামলাতে হচ্ছে তাঁকে। এতে অতিরিক্ত চাপের কারণে দাপ্তরিক কাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

 

একই পরিস্থিতি দক্ষিণ জয়নগর শমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে প্রায় দেড় যুগ ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল আসমা বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে।

 

দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। এর ওপর প্রধান শিক্ষকের পদটিও শূন্য। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম বলেন, শিক্ষক সংকট ও প্রধান শিক্ষক না থাকায় পাঠদান এবং দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে।

 

দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, শিক্ষক সংকটের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

 

এ বিষয়ে দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন বলেন, আইনি জটিলতার কারণে এত দিন শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:২২:২৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ