সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়। কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন বক্তারা।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।
এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস ও গ্রাম বাংলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী ও পরিবেশ। পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।
তাঁরা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।