আগৈলঝাড়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২৬ শিক্ষার্থীকে পুরস্কার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২৬ শিক্ষার্থীকে পুরস্কার
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২৬ শিক্ষার্থীকে পুরস্কার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা বহন করে। নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১২৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ