সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে

হোম » ঢাকা » সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক রকিবুজ্জামানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে।

 

সম্প্রতি কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রম নিয়ে প্রকাশিত এক সংবাদে মাঠপর্যায়ে সেবার ঘাটতি, জনসচেতনতামূলক কার্যক্রমের সীমাবদ্ধতা এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি এবং কালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামানের সঙ্গে ফেসবুকে মন্তব্যের জেরে কর্মকর্তার বিরোধ তৈরি হয়।

 

নিজের ফেসবুক পোস্টে রকিবুজ্জামান লেখেন, সংবাদ পক্ষে গেলে প্রশংসা আর বিপক্ষে গেলে কষ্ট পাওয়ার মানসিকতা পরিহার করা উচিত। তাঁকে টাকা দিয়ে কেনা কিংবা ভয় দেখিয়ে থামানো যাবে না উল্লেখ করে তিনি জনস্বার্থে সঠিক তথ্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ওই পোস্টে মন্তব্য করতে গিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান লেখেন, ‘সামনে পাইলে দুলাভাই বুঝামো নে।’ একই মন্তব্যে তিনি আরও লেখেন, ‘সরকারি চাকরি করে বলে, না হয় কানের….. দিতাম।’ এ ছাড়া কালকিনিতে কাউকে চাঁদা দিয়ে চাকরি করতে আসেননি বলেও মন্তব্য করেন তিনি।

 

কর্মকর্তার এসব মন্তব্যকে সাংবাদিকের প্রতি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন হিসেবে দেখছেন অনেকে। জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পর একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

 

সাংবাদিক রকিবুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের দায়িত্ব জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা এবং অনিয়মের অভিযোগ জনসম্মুখে আনা। কোনো সংবাদে ভুল বা অসংগতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন নিরপেক্ষ সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’

 

তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আমি আইনের আশ্রয় নেব।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলে তিনি সরেজমিনে গিয়ে কথা বলতে বলেন।

বাংলাদেশ সময়: ১০:৪২:০৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ