সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি গ্রেপ্তার, নৌকা জব্দ

হোম » খুলনা » সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি গ্রেপ্তার, নৌকা জব্দ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি গ্রেপ্তার, নৌকা জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকার ও নিষিদ্ধ জালে মাছ ধরার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও অপরাধে ব্যবহৃত দুটি ডিঙি নৌকা জব্দ করা হয়।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন হলদী খালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।

 

চাঁদপাই রেঞ্জ স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় তাঁদের দেখতে পায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

 

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিলেন।

 

মো. হামিদুর রহমান আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশের ক্ষতি করে এমন অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 

বন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:২১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ