নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

হোম » পটুয়াখালী » নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পদবঞ্চিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ, ছাত্রদলের সভাপতি মো. তুষারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা একই বিষয়।

 

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে শান্তিতে থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ