সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব ঘিরে পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব। বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসবের প্রথম দিন সকালে হাজারো ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলন করা হয়। পরে আশ্রম প্রাঙ্গণ থেকে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে।
অনলাইনে যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ আশ্রমের কর্মকর্তা, ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের ধারণা, পাঁচ দিনের এ উৎসবে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হবে। উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ভক্তদের নিরাপত্তায় গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। রিজার্ভ পুলিশ, থানা পুলিশ, এসআরবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। আশ্রম ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ শ্রী পরিমল চন্দ্র কর্মকার জানান, বিশ্বচরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে মুক্তি এবং ধর্ম সংস্থাপনার্থে বিশ্বশান্তি কামনায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী আয়োজনে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তরা অংশ নেবেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
তিনি আরও জানান, আশ্রমের নিয়মিত সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দিরভিত্তিক প্রাক্-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার পরিচালনা এবং দৈনিক দরিদ্র নারায়ণ সেবা।
উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবত গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, সরকারি হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্মসভা ও গীতি আলেখ্য। আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
এদিকে ধর্মীয় আয়োজনের পাশাপাশি আশ্রমের বিশাল মাঠজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘিরে স্থানীয় হোটেল-রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও চলছে প্রস্তুতি। রাস উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।