সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
সন্তানদের বিদ্যালয়ে দিয়ে অপেক্ষার সময় আর রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হবে না অভিভাবকদের। তাঁদের বসার জন্য বরগুনা জিলা স্কুল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে ছায়াঘেরা অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’। বুধবার (২৫ নভেম্বর) সকালে নবনির্মিত এ কক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
জেলা প্রশাসকের মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনা সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বরগুনা জিলা স্কুল প্রাঙ্গণে কক্ষটি নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সন্তানদের বিদ্যালয়ে দিয়ে অনেক অভিভাবককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাঁদের অপেক্ষার সময়টুকু নিরাপদ, সুন্দর ও স্বস্তিদায়ক করতে ‘ছায়া পরশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। জনবান্ধব এ ধরনের ছোট উদ্যোগ মানুষের দৈনন্দিন ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বরগুনা জেলা প্রশাসন মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চায়। ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণসংশ্লিষ্ট এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের বসার জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই ‘ছায়া পরশ’ স্থাপনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ আরও অভিভাবকবান্ধব হবে বলে আশা করছে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।