কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। এখন প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ চলছে। পাশাপাশি মণ্ডপগুলোতে রঙিন আলোকসজ্জা ও প্যান্ডেল সাজানোর কাজও চলছে পুরোদমে।

 

পূজাকে ঘিরে আয়োজকেরা বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ি ও অফিস-আদালতে গিয়ে অর্থ সংগ্রহ করছেন। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। কেনাবেচা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে দোকানিদেরও।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থাও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কলাপাড়ায় মোট ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো শ্রীশ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, বাদুরতলী সার্বজনীন দুর্গামণ্ডপ, কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, পাখিমারা সার্বজনীন দুর্গামণ্ডপ, নীলগঞ্জ রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পূজামণ্ডপ, ধানখালী নমরহাট সার্বজনীন পূজামণ্ডপ, লতাচাপলী সার্বজনীন কালিমাতা পূজামণ্ডপ, আলীপুর রাধাকৃষ্ণ মন্দির, মম্বিপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ী পূজামণ্ডপ, মাছুয়াখালী সার্বজনীন পূজামণ্ডপ, মহিপুর সার্বজনীন পূজামণ্ডপ, চালিতাবুনিয়া সার্বজনীন পূজামণ্ডপ, পূর্বমনোহরপুর হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রম পূজামণ্ডপ এবং পূর্বমনোহরপুরের বড়ইতলা সার্বজনীন পূজামণ্ডপ।

 

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। প্রচলিত পঞ্জিকামতে, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে এবং গমন নৌকায়।

 

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব দেবাশীষ শিকদার কালা বলেন, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা আন্তরিকভাবে কাজ করছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছে। গত বছরের তুলনায় এবার উপজেলায় দুটি মণ্ডপ বেড়েছে বলেও জানান তিনি।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, উপজেলায় ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ ও স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৪ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ