
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার ৬৫টি পূজামণ্ডপে প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণের কাজ চলছে। উৎসবের দিন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও প্রতিমাশিল্পীরা। অন্যদিকে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরই মধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপনসংক্রান্ত সভা ও সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়। এতে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী ধর্ম পালন করবেন। দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপদ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।