সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব চলাকালে অবৈধ পথে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। ২২ ও ২৩ নভেম্বর রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বন আইনের বিভিন্ন ধারায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
চাঁদপাই বন বিভাগ জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। পুণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এবার বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত রুট চালু করা হয়েছিল। কিন্তু আটক ব্যক্তিরা এসব রুট ব্যবহার না করে নিজেদের প্রকৃত নাম-পরিচয় গোপন রেখে অবৈধ পথে উৎসবস্থলে প্রবেশের চেষ্টা করেন।
বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এবারের রাস উৎসবে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। অন্য ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না। এ নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাস উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। নির্ধারিত পাঁচটি রুট বাদ দিয়ে নাম-পরিচয় গোপন করে প্রবেশের চেষ্টাকালে ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে ১০৭ জনকে আটক করা হয়। পরে বন আইন অনুযায়ী তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাস উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের ১০ হাজারের বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়ম ও রুট মেনে দুবলার চরের রাস উৎসব ও পুণ্যস্নানে অংশ নেন।