সেন্টমার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

হোম » চট্টগ্রাম » সেন্টমার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


সেন্টমার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

 

পর্যটন ও পরিবেশগতভাবে সংবেদনশীল দ্বীপ সেন্টমার্টিনে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলার অভিযোগে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সৈকতের বালুচরে চলাচলের বিধিনিষেধ অমান্য করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার ও সোমবার দুই দিনের অভিযানে দ্বীপের বিভিন্ন রিসোর্টের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় সেন্ট ক্যাসেল রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ধরা পড়ে। প্রথমে রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও সরেজমিনে পাম্পের মাধ্যমে বর্জ্য সমুদ্রে ফেলার প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা। এ কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণেরও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি ও পরিবেশগত বিষয় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়।

 

এদিকে, সেন্টমার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে সৈকতের বালুচরে চলাচলের বিধিনিষেধ অমান্য করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দ্বীপের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও পর্যটক, সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বর্জ্য যেখানে-সেখানে না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলে

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ