
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে পায়রা, পাণ্ডব ও পাতাবুনিয়া নদীতে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও মাছের পোনা। নদীতে নির্বিচারে এসব মাছ নিধনের পর উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করা হলেও তা বন্ধে কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।
আঙ্গারিয়া, পাতাবুনিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া, হাজিরহাটসহ উপজেলা শহরের পিরতলা বাজারে এসব ছোট মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির অসাধু জেলে নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার করে নদী থেকে নির্বিচারে ছোট মাছ ও পোনা শিকার করছেন। এসব মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও তা বন্ধে নিয়মিত অভিযান বা কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন বাড়ছে ছোট মাছ শিকারের প্রবণতা।
মৎস্য সংশ্লিষ্টদের মতে, বেহুন্দি জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। ফলে মাছ পরিণত বয়সে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক মাছ নিধন হচ্ছে। এতে নদীর প্রাকৃতিক মৎস্য উৎপাদন ও ভবিষ্যৎ মাছের মজুত হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান সাগরকন্যাকে বলেন, প্রশাসনের নজরদারি এড়িয়ে একশ্রেণির জেলে নিষিদ্ধ বেহুন্দি জালে ছোট মাছ শিকার করছেন। ইতোমধ্যে বেশ কিছু বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে অভিযান চালানো হবে।
স্থানীয়দের দাবি, শুধু নদীতে অভিযান চালিয়ে এ ধরনের মাছ শিকার বন্ধ করা সম্ভব নয়। নিষিদ্ধ জালে ধরা মাছের প্রকাশ্য বিক্রি বন্ধেও নিয়মিত বাজার তদারকি করতে হবে। পাশাপাশি বেহুন্দি জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে নির্বিচারে ছোট মাছ নিধন বন্ধ করা সম্ভব হবে।