
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও লিফলেট বিতরণ করেছে স্বরূপকাঠী পৌরসভা। শনিবার (১০ অক্টোবর) সকালে পৌরসভা ও জগন্নাথকাঠী বন্দর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বরূপকাঠী পৌরসভার প্রশাসক মো. আশিক আহমেদ। পৌরসভা চত্বর থেকে বের হওয়া সচেতনতামূলক র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জগন্নাথকাঠী বন্দর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মো. আশিক আহমেদ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রতি শুক্রবার বাড়িঘর ও আঙিনা পরিষ্কারের অভ্যাস গড়ে তুলতে হবে। ফুলের টব, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানিতেও এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এসব পাত্র ও স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
পৌরবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্বরূপকাঠী পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।