বরগুনায় জলবায়ু মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

হোম » বরগুনা » বরগুনায় জলবায়ু মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

বরগুনায় জলবায়ু মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারীদের শুধু উপকারভোগী হিসেবে নয়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অংশীদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। আলোচনায় অংশ নেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার এবং জাগোনারীর পরিচালক গোলাম মোস্তফা।

 

বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট বরগুনার উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকাকে কঠিন করে তুলছে। এসব দুর্যোগে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পানি সংগ্রহ ও পরিবারের খাদ্য ব্যবস্থাপনায় নারীদের বাড়তি দায়িত্ব ও ভোগান্তি বহন করতে হচ্ছে।

 

তাঁরা বলেন, স্থানীয় নারীদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে টেকসই জলবায়ু মোকাবিলা সম্ভব নয়।

 

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি চালিয়ে যেতে হবে।

 

সভায় ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বরগুনার উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর দাবি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ