সরকারি কর্মকর্তাদের যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্টরা: গণপূর্ত প্রতিমন্ত্রী

হোম » রাজনীতি » সরকারি কর্মকর্তাদের যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্টরা: গণপূর্ত প্রতিমন্ত্রী
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

সরকারি কর্মকর্তাদের যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্টরা: গণপূর্ত প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ফ্যাসিস্টরা শত শত কোটি টাকা লুটপাট করেছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে।

 

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি বন্ধ করতে এসেছি এবং দেশকে ভালো কিছু দিতে এসেছি। তাই প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করতে হবে। তাহলে অবশ্যই কাজের গতি বৃদ্ধি পাবে।’

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে অবশ্যই ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত করতে হবে। কথা ও কাজে মিল রাখতে হবে, কোনো প্রকার ধোঁকাবাজি করা যাবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। দেশে সুশাসন আনতে হলে অবশ্যই দেশের আইন-কানুন, নিয়ম-নীতি মানতে হবে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং অসহায়-দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।

 

পরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯:২২:১২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ