চরফ্যাশনে ডিগ্রি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, মামলা; গ্রেপ্তার ২

হোম » ভোলা » চরফ্যাশনে ডিগ্রি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, মামলা; গ্রেপ্তার ২
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও দায়িত্বপালনরত পুলিশের ওপর হামলার অভিযোগে ২০ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ (২২) ও রাসেল (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী নকলের চেষ্টা করেন। এ সময় কক্ষে দায়িত্বে থাকা পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং নকলের কাগজ জব্দ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে অসন্তুষ্ট পরীক্ষার্থী ও তাদের সহযোগী কয়েকজন বহিরাগত যুবক লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন। দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হওয়ার পর ওৎ পেতে থাকা ব্যক্তিরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং হামলা চালান। এতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুলারহাট থানা পুলিশ জানায়, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘পরীক্ষায় নকল করতে না পেরে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার হলের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কোনো ধরনের আপস করবে না।’

পুলিশের দাবি, বর্তমানে কলেজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৬ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ