মুকসুদপুরে সিটি গোল্ডের ফ্যাক্টরিতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

হোম » ঢাকা » মুকসুদপুরে সিটি গোল্ডের ফ্যাক্টরিতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

মুকসুদপুরে সিটি গোল্ডের ফ্যাক্টরিতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামে ‘নয়ন এন্টারপ্রাইজ’ নামে জিআই স্বীকৃত পণ্য সিটি গোল্ডের একটি ফ্যাক্টরিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, নারীদের শ্লীলতাহানি এবং প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নীলকন্ঠ মন্ডল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় মামলা করেছেন।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। তবে আসামিদের গ্রেপ্তারের পর মামলা তুলে নিতে বাদীর বাড়িতে গিয়ে নাসির নামে এক ব্যক্তি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নীলকন্ঠ মন্ডল।

 

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার বড় ভাটরা এলাকায় হাসিনা বেগমসহ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নীলকন্ঠ মন্ডলের মালিকানাধীন ও দখলীয় জমি এবং সেখানে থাকা সিটি গোল্ডের ফ্যাক্টরিতে বেআইনিভাবে প্রবেশ করেন। এ সময় তারা ফ্যাক্টরিতে ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সেটি দখলে নেন বলে অভিযোগ করা হয়েছে।

 

পরে ফ্যাক্টরিতে থাকা সিটি গোল্ড তৈরির মেশিন, জেনারেটর, কাঁচামাল, কেমিক্যাল ও আসবাবপত্রসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

 

মুকসুদপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ