অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ ৮ নেতার বিরুদ্ধে মামলা

হোম » ভোলা » অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ ৮ নেতার বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ ৮ নেতার বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় মাদ্রাসার সুপারসহ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আট নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অধ্যক্ষ মো. মহিউদ্দিন বাদী হয়ে মনপুরা থানায় মামলাটি করেন।

 

মামলার আসামিরা হলেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ও ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, মো. রুবেল, মো. মিজান ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন।

 

এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব হোসেন হাওলাদার।

 

তারা দাবি করেন, কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী সেলিমের চাকরিচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ মহিউদ্দিনের সঙ্গে সেলিমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাদের জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

 

মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর বলেন, হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ