
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ২০ নারী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী এ অভিযোগ করেন। তাঁরা বলেন, মাসুদ রানা ও তাঁর সহযোগীদের ভয়ে শিশু-সন্তান নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ নারীরা জানান, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। তাঁদের অভিযোগ, সামসুল হক ভূমি অফিসে চাকরি করার সুযোগে চার বোনকে ওয়ারিশ থেকে বঞ্চিত করে বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি নিজের নামে ভুয়া রেকর্ড করান। গত ৩০ বছর ধরে তিনি একাই ওই জমি ভোগদখল করেছেন।
তাঁরা আরও জানান, জমির অংশ দাবি করলেও সামসুল হক নানা টালবাহানা করেন। এর মধ্যে তাঁদের মামা সামসুল হক ও তিন খালা মারা যান। পরে মামার ওয়ারিশদের সঙ্গে জমি নিয়ে আলোচনা করলেও তাঁরা জমি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাঁদের খালা জয়নব বিবি ২০১৬ সালে বরগুনা জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। মামলার বাদী জয়নব বিবি মারা গেলেও চলতি বছরের ৫ অক্টোবর মামলায় তাঁদের পক্ষে রায় হয়।
সংবাদ সম্মেলনে নারীরা দাবি করেন, আদালতের রায় পাওয়ার পর গত শুক্রবার তাঁরা ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ মাসুদ রানা, আবু জাফর, সাইফু, সানাউল্লাহ ও আফরোজা খানম পারুলসহ তাঁদের লোকজন নানাভাবে হয়রানি শুরু করেন। ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
তাঁদের দাবি, মাসুদ রানা ওই জমির কোনো ওয়ারিশ নন। এরপরও তিনি আফরোজা খানম পারুলের পক্ষ নিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভয়ে তাঁরা ঘর থেকে বের হতেও সাহস পাচ্ছেন না। এ ছাড়া আফরোজা খানম পারুল তাঁদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ আইনে হয়রানিমূলক মামলা করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সুমাইয়া নামের এক নারী বলেন, ‘রাস্তায় দেখা হলেই মাসুদ রানা আমাকে নানা ধরনের কটূক্তি করেন। বেশি বাড়াবাড়ি করলে আমার সন্তানকে অপহরণ করবেন বলে হুমকি দেন। আমি সন্তানকে নিয়ে খুব ভয়ের মধ্যে আছি।’
তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা বলেন, ‘আমি ওই জমির কোনো ওয়ারিশ নই। আমি কেন তাঁদের হয়রানি করতে যাব? আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ বিষয়ে আদালতের আদেশে থানায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। এরপরও হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে জান্নাতি আক্তার, লামিয়া, রানী বেগম, আবুল বাশার, মো. সাইফুল ইসলাম, মো. খোকন ও ফারুক হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।