
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ফিতা কেটে র্যালির উদ্বোধন করেন।
জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন ও বরগুনা সাইক্লিং কমিউনিটির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকেরা।
পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং যুব স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার বন্ধ করা জরুরি। এ জন্য কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।