
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, হামলায় শিশুটির তিনটি দাঁত উপড়ে গেছে এবং দুটি দাঁত ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী ফয়সাল মৃধা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করা হতো।
পরিবারের দাবি, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় ফয়সাল ওই ছাত্রীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে শিক্ষার্থীর মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর দুই দিন পর সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল ওই ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ। পরিবারের ভাষ্য, তাকে ঘুষি ও লাথি মারা হয়। এতে মুখে গুরুতর আঘাত লাগে এবং দাঁত ভেঙে যায়।
আহত ছাত্রী জানায়, ফয়সাল বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন। শনিবার রাতে টয়লেটে যাওয়ার সময় তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। পরে সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে ঘুষি ও লাথি মারা হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করতে না পেরে তাঁর মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি ফয়সালের মা শিরিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’