কাউখালীতে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’র ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক

হোম » সর্বশেষ » কাউখালীতে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’র ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

কাউখালীতে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’র ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জীবন খেয়া’ প্রকল্পের আওতায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী চার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পে ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬৫ বছরের বেশি বয়সী বৃদ্ধ এবং বিভিন্ন বয়সী নারীরা চিকিৎসাসেবা নেন। মেডিসিন, গাইনি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা রোগীদের চিকিৎসাসেবা দেন।

 

এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় প্যাথলজি সেবা, ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের পুষ্টিকর খাবারের প্যাকেজ ও টুথব্রাশ দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জীবন খেয়া’ প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে।

 

সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে নদী, চর ও উপকূলীয় এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই এ মানবিক উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ