৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধ, বাউফলে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত

হোম » পটুয়াখালী » ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধ, বাউফলে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধ, বাউফলে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন মো. জহিরুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, মো. রেজাউল করিম, মনোয়ারা বেগম, হোসনেয়ার বেগম ও পূর্ণি বেগম। তাদের মধ্যে জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম, খাইরুল ইসলাম ও রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

আহত জহিরুল ইসলামের ভাষ্য, প্রতিবেশী মো. রাসেলের কাছে তার জমিতে কাজ করার মজুরি বাবদ ৬০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাসেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা, দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যদের মারধর ও কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬০০ টাকা পাওনা নিয়ে রবিবার জহিরুল ইসলাম ও রাসেলের মধ্যে বিরোধ হয়। ওই ঘটনায় রাসেল আহত হন। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। সেখানে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে জহিরুল বৈঠকস্থল থেকে নিজের বাড়িতে চলে যান।

 

জহিরুলের অভিযোগ, এর কিছুক্ষণ পর রাসেল ও তার লোকজন তার বাড়িতে গিয়ে হামলা চালান।

 

ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘রবিবারের ঘটনা নিয়ে সোমবার সালিশ বৈঠক বসেছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। কিন্তু ৬০০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাসেল মৃধা ও তার পরিবারের লোকজন জহিরুলের বাড়িতে গিয়ে হামলা করেন।’

 

এদিকে ঘটনার পর রাসেল ও তার পরিবারের সদস্যরা এলাকায় না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, ‘আহতদের মধ্যে চারজনের শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ