রামপালে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ২

হোম » খুলনা » রামপালে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ২
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

সংঘর্ষে নিহত শেখ আহাদ আহামেদ ইতু। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপালে জমি-জায়গা নিয়ে বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮) আহত হয়েছেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শেখ আহাদ আহামেদ ইতু ওই গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।

 

সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইতুসহ তাঁর বাবা ও মা গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত ঘোষণা করেন। আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমা বেগম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

খবর পেয়ে রামপাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব আল রশিদ বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও তাঁর বাবা আহত হয়েছেন। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ