
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, খেলনা পিস্তল, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনের ছাদে অভিযান চালিয়ে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এসব কার্তুজের গায়ে ‘রাবার বাকশট, ২০২৩-বিপি-৬৭ মিলিমিটার, মেড ইন সাইপ্রাস’ লেখা রয়েছে। এছাড়া দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী গ্রামের মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের ও মামলা করার প্রস্তুতি চলছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।