তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

হোম » জাতীয় » তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরাসাগরকন্যা প্রতিবেদক

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৃত্যুর রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে বান্ধবী ও বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। পরে ওই তরুণীকে বাসায় পৌঁছে দিয়ে তাহসিফ ও দীপ টঙ্গীর উদ্দেশে রওনা হন।

 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশ করেন তাহসিফ ও তাঁর বান্ধবী। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। পরে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন।

 

অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তাঁর বান্ধবী লিফটের সামনে দাঁড়িয়ে দীপের জন্য অপেক্ষা করছেন। হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তাঁরা মোটরসাইকেলে করে বেরিয়ে যান।

 

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরে তাহসিফের বান্ধবীকে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।

 

সেখানে তাঁদের ধাওয়া করেছিল কারা, তা নিয়ে তদন্তে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। মাদক কারবারিরা, নাকি পুলিশের সদস্যরা তাঁদের ধাওয়া করেছিলেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

পিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় অবস্থানের সময় পোশাক পরা দুই পুলিশ সদস্যকে দেখে তাঁরা দুজন দুই দিকে দৌড়ে পালান। একপর্যায়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। দীপ পালিয়ে যান। তবে তাঁর এই বক্তব্যের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

 

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে যাচাইয়ের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে উত্তরার বাসার নিচে দীপের সঙ্গে তাঁর দেখা হওয়ার একটি সিসিটিভি ফুটেজও পেয়েছে পিবিআই। ওই ফুটেজে দুজনকে হাত মেলানোর পর আলাদা মোটরসাইকেলে করে চলে যেতে দেখা যায়।

 

গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরদিন বুধবার বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

 

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার তাঁকে সঙ্গে নিয়ে তদন্তকারী দলের সদস্যরা টঙ্গীর মাজার বস্তি ও রাজাবাড়ী ঘাট এলাকা পরিদর্শন করেন।

 

পিবিআই কর্মকর্তাদের ধারণা, মাদক কারবারিদের তৎপরতা অথবা পুলিশের ধাওয়ার মধ্যে পড়ে তাহসিফ নদে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দীপের বক্তব্যেও কিছু অসংগতি পেয়েছেন তদন্তকারীরা। সেগুলো যাচাই করা হচ্ছে।

 

এদিকে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, তাঁর ছেলের মৃত্যু আত্মহত্যা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

 

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর রাতের গতিবিধি, যাতায়াত এবং বিভিন্ন স্থানে তাঁর অবস্থানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে উত্তরার রেস্টুরেন্ট অ্যান্ড বারে অবস্থান এবং ওই রাতের ঘটনাপ্রবাহ নিয়ে তদন্তকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৭ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ