কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

হোম » খুলনা » কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬


কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার ও শিরিনা খাতুন। তাঁদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে প্রায় পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান ওই নারীরা। সেখানে তাঁরা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের আদালতে পাঠালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত কারও দুই বছর, কারও তিন বছর কারাদণ্ড দেন। এরপর তাঁদের পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাঁদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তাঁরা দেশে ফেরেন।

ওসি আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, বেনাপোল পোর্ট থানা থেকে নারীদের গ্রহণ করে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ