পাথরঘাটায় ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

হোম » প্রযুক্তি » পাথরঘাটায় ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬


 

পাথরঘাটায় ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

শিক্ষার্থীদের ভাষাচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে বরগুনার পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাংগুয়েজ, ডিবেট ও সায়েন্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবগুলোর উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে ভাষা ও বিতর্কচর্চার বিকল্প নেই। একই সঙ্গে বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু ও সৃজনশীল করে তোলার পাশাপাশি সমস্যা সমাধানে দক্ষতা বাড়ায়। এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জ্ঞাননির্ভর, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সমসাময়িক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সচেতন, যুক্তিবাদী ও মানবিক হতে হবে। মাদক, কিশোর অপরাধ, গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকতে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়া জরুরি। ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের সঠিক-ভুল যাচাই, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে সহায়তা করবে।

 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি ভাষাচর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে যুক্তি উপস্থাপন ও বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১১:০২:২৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ