বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হোম » মুক্তিযুদ্ধ » বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাগরকন্যা বিশেষ প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কেরামত আলী হাওলাদারের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

জানাজার নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

 

জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, থানার অফিসার ইনচার্জ  আদিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা হারুন অর রশিদ শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

জানাজার নামাজের আগে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাপ্য সম্মান দেওয়া এ দেশের প্রত্যেক মানুষের দায়িত্ব।’ তিনি মরহুম কেরামত আলী হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ