মঠবাড়িয়ায় সালিশ চলাকালে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, নারীসহ আহত ৬

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় সালিশ চলাকালে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, নারীসহ আহত ৬
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

মঠবাড়িয়ায় সালিশ চলাকালে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, নারীসহ আহত ৬

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাখারিকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- শাখারিকাঠী গ্রামের মোফাজ্জেল হোসেন জোমাদ্দার (৫০), মো. মাসুম (৩৫), মো. স্বপন আকন (৪০), তাসলিমা আকন (৩০), রুনু বেগম (৪৫) ও সেলিনা বেগম (৫০)।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের খালেক জোমাদ্দার ও হেমায়েত আকনের পক্ষের মধ্যে একটি কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। জমিটি দীর্ঘদিন খালেক জোমাদ্দারের দখলে ছিল। সম্প্রতি সেখানে ধানের চারা রোপণ করেন তারা।

 

ঘটনার দিন দুপুরে বিরোধ নিষ্পত্তির জন্য ওই জমিতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে হেমায়েত আকনের পক্ষের লোকজন রোপণ করা ধানের চারা উপড়ে ফেলতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পক্ষের ছয়জন আহত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মোফাজ্জেল হোসেন জোমাদ্দারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত রুনু বেগম বলেন, ‘দীর্ঘদিনের বিরোধ নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ চলছিল। পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য একপাশে সরে গেলে প্রতিপক্ষ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

 

তবে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৭:০৭:৫৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ