
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে খিচুড়ি রান্নার অভিযোগে ফরিদপুরে ছয় রিকশাভ্যান শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী স্ট্যান্ডসংলগ্ন বাজারে অভিযান চালিয়ে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার রাত পর্যন্ত তারা ফরিদপুর কোতয়ালী থানায় ছিলেন।
পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন- হারুন শেখ (৫৪), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), মজিদ শেখ (৫৬), ইউসুফ শেখ (৪৫) ও তাঁর ছেলে রহিম শেখ (২৩)।
স্থানীয় সূত্র ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন রিকশাস্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই মধ্যে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর ও আলীপুরে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার ধূলদী স্ট্যান্ডসংলগ্ন বাজারে আঞ্চলিক কমিটি গঠনের আয়োজন করা হয়। এ উপলক্ষে রিকশাচালক ও শ্রমিকেরা খিচুড়ি রান্নার আয়োজন করেন। তবে ১৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে ওই খিচুড়ি রান্না করা হচ্ছে- এমন অভিযোগ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ছয় শ্রমিককে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের সংগঠনটি রাজনৈতিকমুক্ত একটি সংগঠন। পুলিশ আমাদের ছয়জন শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রেখেছে।’
শনিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের আনা হয়েছিল। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে তদন্ত চলছে। তাদের আটক করা হয়নি, পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’