গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পদ হারালেন ছাত্রদল নেতা

হোম » বরিশাল » গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পদ হারালেন ছাত্রদল নেতা
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পদ হারানো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খান

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যমে ইয়াবা সেবনের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্যাডে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকেরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

 

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার শাওন খানকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সম্প্রতি শাওন খানের ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে দাবি করে ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল।

 

এ বিষয়ে শাওন খানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ৬:৪৬:১৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ